• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সার্জেন্টের অ্যাকাউন্টে ৫০ লাখ, উৎস অজানা এক মণ ধানে এক কেজি বীজ ভিসা নীতিতে পরিবর্তন, টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ কোরআন ছুঁয়ে শপথ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আবদুল এল-সাইয়েদ ‘মনে হচ্ছিল এটাই জীবনের শেষ অধ্যায়’ মাঝ আকাশে চরম আতঙ্ক, মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা গুলির শব্দে কাঁপছে খুলনা, চাঁদাবাজির ভয়ে বন্ধ প্রতিষ্ঠান ‎যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি? দুবারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

ভিসা নীতিতে পরিবর্তন, টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে নেওয়া যাবে চিকিৎসকের পরামর্শ

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও ভোগান্তিমুক্ত করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ করা হচ্ছে। ফলে এ ভিসায় ভারতে গিয়ে শুধু পর্যটনই নয়, চিকিৎসকের পরামর্শ নেওয়া, স্বল্পমেয়াদি চিকিৎসা, ব্যবসায়িক বৈঠক, সুস্থতা কার্যক্রম এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সেও অংশ নেওয়া যাবে। একই সঙ্গে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হচ্ছে। আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা রয়েছে।

পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে এ ভিসা সংস্কারের কাজ শুরু হয়। নতুন কাঠামো তৈরির আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে সরকার। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পর্যটক ভিসার নতুন নাম ‘ভিজিটর ভিসা’

নতুন ভিসা কাঠামোয় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এ ভিসার আওতায় পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২- দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।

ভি-১ ভিসা: এ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প এবং স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেওয়া যাবে।

ভি-২ ভিসা: তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য এ ভিসা দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি এ ভিসায় পর্বতারোহণের সুযোগও থাকবে। এ ছাড়া পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ভিসার মেয়াদ হবে এক বছর

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশি নাগরিকদের জন্যও ভিসার কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে।

নতুন কাঠামোয় চিকিৎসা ভিসার চারটি উপশ্রেণি থাকবে।

এম-১ ভিসা: আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য।

এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য।

এম-৩ ভিসা: আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য।

এম-৪ ভিসা: এম-৩ ভিসাধারীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য।

এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর নির্ধারণ করা হয়েছে। এসব ভিসার ই-ভিসা সংস্করণেও একই মেয়াদ প্রযোজ্য হবে। উভয় ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

ভারত সরকারের প্রত্যাশা, নতুন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেওয়া কিংবা পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য যাতায়াতকারী বিদেশি রোগীদের ভোগান্তি কমবে। একই সঙ্গে বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনও কমে আসবে। দেশটির ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য পৃথক ভিসা

শিক্ষার্থী ও গবেষকদের জন্যও ভিসার নতুন কাঠামো তৈরি করেছে ভারত সরকার। শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২- দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।

এস-১ ভিসা: স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এ ভিসা দেওয়া হবে।

এস-২ ভিসা: পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বিজ্ঞানী, নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা এ ভিসার আওতায় আসবেন।

এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা দেওয়া হতে পারে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

ব্যবসায়িক ভিসাতেও পরিবর্তন

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২- দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।

বি-১ ভিসা: দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য এ ভিসা দেওয়া হবে।

বি-২ ভিসা: স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য এ ভিসা প্রযোজ্য হবে। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কাজ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত থাকবে।

ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।

এ ধরনের পেশাজীবীদের বি-২ শ্রেণির আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক ভিসা দেওয়া যাবে। এ ভিসার জন্য ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা

বর্তমানে ভারতের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকরা এ সুবিধা পাচ্ছেন।

নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ করছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু হতে পারে।

সংস্কার করা ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি থাকবে ৯টি। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।

বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশি নাগরিকদের নির্ভরশীল সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিকরা অন্তর্ভুক্ত থাকবেন। প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও এ শ্রেণিতে রাখা হয়েছে।

ভারত সরকারের এ সংস্কারের মূল লক্ষ্য হলো ভিসা ব্যবস্থার জটিলতা কমানো, আবেদন প্রক্রিয়া সহজ করা এবং বিদেশি নাগরিকদের বিভিন্ন প্রয়োজনে ভারতে যাতায়াতের সুযোগ বাড়ানো।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com