জাতীয় ডেস্ক: রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকের যোগাযোগ ব্যবস্থা সচল করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় পর্যটন খাতের উদ্যোক্তারা অংশ নেন। সাজেক সড়কে চলমান অচলাবস্থার কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা নিরসনই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠকের শুরুতেই আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর ধারাবাহিক বাধার কারণে সাজেক সড়কে চলাচলা বিঘ্নিত হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হয়। দীর্ঘ সময় ধরে যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনে নেমে আসা স্থবিরতা এবং এর ফলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন যে, এই দীর্ঘস্থায়ী সংকটের কারণে যেকোনো মুহূর্তে স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সংঘাত বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
পরিস্থিতি শান্ত করতে বৈঠকে বেশ কিছু সুনির্দিষ্ট ও সমন্বিত প্রস্তাব তুলে ধরেন সংশ্লিষ্টরা। এর অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক অবরোধকারী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। আলোচনার মাধ্যমে ধাপে ধাপে ভুলবোঝাবুঝি দূর করে শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধান খোঁজার ওপর বিশেষ জোর দেওয়া হয় বৈঠকে।
এ ছাড়া, সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করার এই অপচেষ্টায় যারা জড়িত এবং উসকানিমূলক কর্মকাণ্ডে মদদ জোগাচ্ছে, তাদের কঠোর জবাবদিহির আওতায় আনার বিষয়ে ঐকমত্যে পৌঁছান উপস্থিত সকলে। কারবারি অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ভূমতি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সার্বিক আলোচনা শেষে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় সাজেকে দ্রুত স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।