বিনোদন ডেস্ক: রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের উদ্যোগে আয়োজিত ১৭ দিনব্যাপী বর্ণিল বইমেলা। ‘ঐতিহ্যের পাতায় নতুন দিনের গল্প’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলায় সাহিত্যপ্রেমী ও পাঠকদের জন্য নানা আকর্ষণীয় আয়োজন রাখা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ সকল দর্শনার্থী ও বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। গত কয়েক বছর ধরে নিয়মিতভাবে এই মেলার আয়োজন করে আসছে প্রকাশনা প্রতিষ্ঠানটি।
সাহিত্য ও সৃজনশীলতার সঙ্গে পাঠক, লেখক এবং সংস্কৃতিমনস্ক মানুষের এক গভীর মেলবন্ধন তৈরি করাই এই কার্নিভালের মূল উদ্দেশ্য। মেলার প্রথম দিন সকাল থেকেই মেলা প্রাঙ্গণ অনানুষ্ঠানিকভাবে মুখরিত হয়ে উঠবে এবং ৩১ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। আয়োজকদের প্রত্যাশা, এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে প্রকাশনা শিল্পে নতুন গতি আসবে এবং সাধারণ মানুষের মাঝে বই পড়ার অভ্যাস আরও বেশি উৎসাহিত হবে।
প্রতিদিনের আয়োজনে থাকছে বিভিন্ন আকর্ষণীয় ও বিষয়ভিত্তিক নানা অনুষ্ঠানমালা, যা মেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে। এর মধ্যে রয়েছে বিশেষ রাইটার্স ডে, বুক ইনফ্লুয়েন্সার ডে, ছোটদের চিত্রাঙ্কন ও গল্প বলার প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী এবং ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি কর্মশালা। এ ছাড়া ওপেন এয়ার পডকাস্ট, ক্লাব ডে, পাবলিশার্স ডে, বাংলা একাডেমির গাছ পরিচিতি, শহীদ কাদরী নাটকের প্রদর্শনী এবং মনোজ্ঞ সংগীতসন্ধ্যা যুক্ত হয়েছে প্রতিদিনের তালিকায়।
বইয়ের পাতায় নতুন গল্পের সমাহার ঘটিয়ে এই মেলায় প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। ১৭ দিনব্যাপী এই আয়োজনে রচনাবলি ছাড়াও ১৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বইপ্রেমীদের জন্য বিশেষ মূল্যছাড়ের সুব্যবস্থা রয়েছে, যার আওতায় মজুত থাকা বইয়ে সর্বোচ্চ ৭১ শতাংশ এবং ঐতিহ্যের রচনাবলিতে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। পাশাপাশি, যেকোনো পরিমাণ বই কিনলেই আকর্ষণীয় বুকমার্ক উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে কতৃপক্ষ।
এবারের আয়োজনে শুধু ঐতিহ্য নয়, বরং আরও বেশ কিছু প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইলহাম, কাকাতুয়া, গ্রিপার মার্ক, নির্বাচিত, নু বুকস, রেড এবং ধ্রুবপদ। দর্শনার্থীদের খাবারের চাহিদার কথা মাথায় রেখে ফুড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে নির্বাচিত পাকেরঘর। সব মিলিয়ে বইপ্রেমী ও নগরবাসীর জন্য এটি হতে যাচ্ছে এক দারুণ প্রাণের মেলা।