ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ।
এই ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও জনপ্রতিনিধি হিসেবে দুর্দিনের এই কাণ্ডারিকেই চান।
স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, দলের কঠিন ও সংকটপূর্ণ সময়ে যেসব নেতা মাঠে থেকে তৃণমূলকে টিকিয়ে রেখেছিলেন নূর মোহাম্মদ তাদের অন্যতম। শুধু তাই নয়, নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন তৃণমূল বিএনপি’র এই নেতা। তৃণমূলের মানুষের সঙ্গেও রয়েছে নিবিড় সম্পর্ক। সাধারণ মানুষের বিপদে আপদে ছুটে যান তিনি।
এজন্য ওই ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছেও রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। ফলে দল থেকে এখনো প্রার্থী চূড়ান্ত না করলেও সাধারণ মানুষ আসন্ন ছয়ফুল্লাকান্দি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নূর মোহাম্মদকে চান।
স্থানীয় বাসিন্দা শাহজালাল মাস্টার বলেন, নূর মোহাম্মদ আমার দীর্ঘ দিনের পরিচিত। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। অনেক সহজে মানুষের সাথে মিশতে পারেন। এছাড়াও তিনি স্থানীয়দের সকল বিপদে পাশে থাকার চেষ্টা করেন। এসব গুনের জন্যই স্থানীয়দের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব রমজান আলী বলেন, যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন স্থানীয়রা এমন একজনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। নূর মোহাম্মদকে ঘিরে এলাকাবাসীর মধ্যে বেশ আলোচনা চলছে। শেষ পর্যন্ত জনগণ যাকে যোগ্য মনে করবে, তাকেই সমর্থন করবে।
ইউনিয়নের তাঁতী দলের সভাপতি দুলাল মিয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেক নেতা কর্মীকেই গণসংযোগ করতে দেখা যায়। তবে নূর মোহাম্মদ অন্যদের মতো না। তাকে সবসময়ই মানুষকে সাহায্য করতে দেখা যায়। এ কারণে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মাস্টার বলেন, ছয়ফুল্লাকান্দির মানুষ এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি এলাকার উন্নয়ন ও মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। নূর মোহাম্মদের মধ্যে আমরা সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা নূর মোহাম্মদ বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় ছয়ফুল্লাকান্দির মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে যদি সুযোগ পায় তাহলে এলাকার সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব।