আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে এর মেয়াদে রয়েছে বেশ পার্থক্য। কোথাও পূজার সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ছুটি দীর্ঘ হয়েছে। ফলে এবার দুর্গাপূজায় কলেজে সর্বোচ্চ ১৪ দিন, স্কুলে ১০ দিন এবং মাদরাসায় ৫ দিন ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৫ দিন। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির সঙ্গে তা যুক্ত হচ্ছে।

ফলে দুর্গাপূজা উপলক্ষে স্কুলে টানা ৯ দিনের ছুটি হচ্ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাচ্ছেন। অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুলে ছুটি থাকবে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজে মোট ছুটির ব্যাপ্তি দাঁড়াচ্ছে ১৪ দিন।

মাদরাসায় ছুটি ৫ দিন

অন্যদিকে, মাদরাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলকভাবে কম। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৩ দিন পূজার ছুটি থাকবে।

এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৫ দিনের ছুটি পাবেন।

এক নজরে ছুটির হিসাব

কলেজ ও উচ্চমাধ্যমিক: ১৪ দিন

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল: ১০ দিন

মাদরাসা: ৫ দিন

অর্থাৎ, এবার দুর্গাপূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে স্পষ্ট পার্থক্য থাকছে। সবচেয়ে বেশি ছুটি থাকছে কলেজে, আর সবচেয়ে কম ছুটি মাদরাসায়।