স্বাস্থ্য ডেস্ক: অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় চিকিৎসাবিজ্ঞানে এক অভাবনীয় সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক একটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, নতুন একটি ওষুধের প্রয়োগে অনেক রোগীর শরীর থেকে টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। দীর্ঘ কয়েক দশকের স্থবিরতার পর অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় এটিকে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানানো হয়েছে।

পরীক্ষামূলক এই চিকিৎসায় অংশগ্রহণকারী রোগীদের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। ট্রায়ালে অংশ নেওয়া প্রতি ১২ জন রোগীর মধ্যে অন্তত একজনের সিটি স্ক্যানে ক্যানসারের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়া প্রায় ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি সম্পূর্ণ আটকে গেছে। এই গবেষণায় এমন ৬১ জন রোগী অংশ নিয়েছিলেন, যাঁদের ক্যানসার ইতিমধ্যে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল। তাঁদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি রোগীর টিউমার হয় ছোট হয়ে গেছে অথবা পুরোপুরি মিলিয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, ড্যারাক্সোনরাসিব নামক এই নতুন ওষুধটি মূলত একটি লক্ষ্যভিত্তিক থেরাপি হিসেবে কাজ করে। এটি অগ্ন্যাশয়ের ক্যানসারের জন্য দায়ী নির্দিষ্ট জিনগত মিউটেশনকে নিষ্ক্রিয় করতে সক্ষম, যা এতদিন প্রায় অসম্ভব বলে মনে করা হতো। প্রচলিত কেমোথেরাপির কার্যকারিতা সীমিত হলেও এই নতুন ওষুধটি টিউমার নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী সুফল দিচ্ছে। ক্যানসার রিসার্চ ইউকের চিকিৎসক স্যাম গডফ্রে এই সাফল্যকে চিকিৎসাক্ষেত্রে একটি দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

তবে চিকিৎসকরা এখনই একে সম্পূর্ণ নিরাময় হিসেবে ঘোষণা করতে নারাজ। রোগীদের দীর্ঘমেয়াদে পর্যবেক্ষণ করে ক্যানসার পরবর্তীতে আবার ফিরে আসে কি না, তা নিশ্চিত করার জন্য আরও ব্যাপক গবেষণার প্রয়োজন রয়েছে। আগামী ইউরোপীয় ক্যানসার সম্মেলনে এই গবেষণার বিস্তারিত ফলাফল উপস্থাপন করা হবে। চিকিৎসকদের ধারণা, অগ্ন্যাশয়ের চিকিৎসায় এই সাফল্য অর্জিত হলে ভবিষ্যতে ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারের চিকিৎসাতেও এই ওষুধ কার্যকর ভূমিকা পালন করতে পারবে।