• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত? সেতু আছে, পাটাতন নেই উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আব্দুলাহর অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার পরিকল্পনায় সরকার দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা

অষ্টম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার পরিকল্পনায় সরকার

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শিশুশ্রম বন্ধ ও বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখতে অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়, শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার, পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহ এবং কারিগরি শিক্ষার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী অর্থবছরেই অবৈতনিক শিক্ষা কার্যক্রমের প্রতিফলন দেখা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার লেকশোর গ্র্যান্ডে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত একটি প্রকল্পের সূচনা ও পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

মাহদী আমিন বলেন, ‘অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর বিষয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত রয়েছে, ইনশা আল্লাহ। আমি খুবই আশাবাদী, আগামী অর্থবছরে এর প্রতিফলন দেখতে পাব।’

তিনি জানান, শিক্ষা খাতে সরকারি ব্যয় পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বৃত্তি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো হবে, যাতে শিশুরা কর্মক্ষেত্রে প্রবেশ না করে বিদ্যালয়ে থাকতে পারে।

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার, স্কুলের পোশাক, ব্যাগ ও জুতা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার আশা করছে সরকার।

মাহদী আমিন আরও বলেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি। পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীর কাছেও সুবিধাগুলো সম্প্রসারণ করতে চায় সরকার।

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগের কথাও জানান তিনি। পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে তাত্ত্বিক কারিগরি শিক্ষা দেওয়া হবে। আর নবম ও দশম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্যের বিষয়টি তুলে ধরে মাহদী আমিন বলেন, প্রস্তাবিত ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মায়েদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হবে। এর ফলে পরিবারগুলো সন্তানদের প্রয়োজন মেটাতে পারবে এবং তাদের শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে সক্ষম হবে।

শিশুশ্রম বন্ধে একাধিক মন্ত্রণালয়, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাহদী আমিন বলেন, ‘কোনো একক প্রতিষ্ঠান একা এই সমস্যার সমাধান করতে পারে না। আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসরকার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি জানান, পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে চায় সরকার।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নে বাস্তবায়িত হবে।

ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ ঠেকানো এবং ইতিমধ্যে এসব কাজে যুক্ত শিশুদের শিক্ষা ও পরিবারে ফিরিয়ে আনাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি কিশোর-কিশোরীদের নিরাপদ কর্মসংস্থানে প্রবেশের সুযোগ তৈরি এবং স্থানীয় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বিএলএফের তথ্য অনুযায়ী, দেশের অনানুষ্ঠানিক পোশাক উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র কেরানীগঞ্জে আনুমানিক এক লাখ ২০ হাজার শিশুশ্রমিক রয়েছে। তাদের মধ্যে প্রায় ২০ হাজার শিশুর বয়স ১৪ বছরের কম।

অনুষ্ঠানে আইএলওর প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা শিশুশ্রমের আর্থসামাজিক কারণগুলো মোকাবিলার ওপর গুরুত্ব দেন। তিনি বিশেষ করে দারিদ্র্য, শিক্ষার সীমিত সুযোগ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য পর্যাপ্ত সামাজিক সুরক্ষার অভাবকে শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

আইএলওর কর্মসূচি ব্যবস্থাপক নিরান রামজুথান বলেন, শিশুশ্রম বন্ধ করা সরকার, নিয়োগকর্তা, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানে আয়োজিত প্যানেল আলোচনায় রাশেদা কে চৌধুরী আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ওপর গুরুত্ব দেন। অন্যদিকে, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগের মাধ্যমে নিয়োগকর্তাদের শিশুশ্রম বন্ধের কার্যক্রমে যুক্ত করার প্রস্তাব দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। তিনি শিশুশ্রমের বিরুদ্ধে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে চলতি বছরের মধ্যেই জাতীয় রোডম্যাপ চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com