• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

বাগদাদে খোলা হলো ইহুদি জাদুঘর—স্থানীয় মুসলিমদের ভিড়

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদে প্রথমবারের মতো চালু হয়েছে ইহুদি ঐতিহ্যবিষয়ক একটি বিশেষ জাদুঘর। একসময়ে দেশটির সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ থাকা ইহুদি সম্প্রদায়ের হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত মাসে ইরাকের ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ের উদ্যোগে ঐতিহাসিক আল-রশিদ সড়কের শামাশ ইহুদি স্কুল ভবনে এই জাদুঘরটি গড়ে তোলা হয়। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই প্রাচীন স্কুল ভবনটি একসময়ে ইহুদি শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

সংস্কার করা এই জাদুঘর ভবনের বিভিন্ন প্রদর্শনীতে স্থান পেয়েছে ইহুদিদের পুরোনো পারিবারিক ছবি, জাতীয় পরিচয়পত্র, হাতে লেখা নানা নথি, শিক্ষার্থীদের সনদপত্র ও স্কুলের ঐতিহাসিক দলিল। প্রদর্শনীতে ইহুদিদের ধর্মীয় প্রতীক মেনোরাহ বা সাত শাখাবিশিষ্ট বাতিদান ছাড়াও দেয়ালে ঝোলানো রয়েছে সাদা-কালো দুর্লভ সব ছবি। এর মধ্যে ইরাকের আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেশটির প্রথম অর্থমন্ত্রী সাসুন হেস্কেলের ছবিও রয়েছে, যিনি বাগদাদে জন্ম নেওয়া একজন ইহুদি ছিলেন। এ ছাড়া ইরাকের ইহুদি সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতিনিধি বিখ্যাত সংগীতশিল্পী সালিমা মুরাদকেও এই জাদুঘরে যথাযথভাবে স্মরণ করা হয়েছে।

উসমানীয় শাসনামল থেকে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত বাগদাদের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ ছিল ইহুদি সম্প্রদায়ের। তবে ১৯৪০-এর দশকের শুরু থেকে আরব জাতীয়তাবাদের উত্থান এবং ইহুদিবিদ্বেষী সহিংসতার কারণে এই অঞ্চল থেকে তাদের ব্যাপক দেশত্যাগের ঘটনা ঘটে। ১৯৪৭ সালে ইরাকে ইহুদির সংখ্যা প্রায় দেড় লাখে পৌঁছালেও পরবর্তী সময়ে সরকারি ও বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে তাদের বড় একটি অংশ ইসরায়েলে চলে যায়। বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী বাগদাদে মাত্র কয়েকজন ইহুদি অত্যন্ত নিরাপত্তার মধ্য দিয়ে নিভৃতে বসবাস করছেন।

নতুন এই জাদুঘরটি চালুর পর থেকেই স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ দেখা যাচ্ছে এবং প্রতিদিনই সেখানে দর্শনার্থীরা ভিড় করছেন। বাগদাদের বয়োজ্যেষ্ঠ বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে এটি অতীত সংস্কৃতির সঙ্গে বর্তমান প্রজন্মের মেলবন্ধন তৈরি করবে। বাগদাদে জন্ম নেওয়া এবং বর্তমানে অবশিষ্ট ইহুদি সম্প্রদায়ের নেতৃত্বদানকারী দন্তচিকিৎসক খালিদা ফুয়াদ এলিয়াহুর একান্ত প্রচেষ্টায় এবং ইহুদি সম্প্রদায়ের নিজস্ব অর্থায়নে এই জাদুঘরটি নির্মিত হয়েছে। ইতিহাসবিদ ও স্থানীয় বিশিষ্টজনেরা এই উদ্যোগের প্রশংসা করে দেশটির অন্যান্য পুরোনো উপাসনালয়ও খুলে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bditwork.com